সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সক শামীম খান তপুর খোঁজ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, ডিবি অফিসের সামনে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। যেহেতু আমাদের এলাকা থেকে সে নিখোঁজ হয়েছে, তাই সময়মতো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব।
গত শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে মাইক্রোবাসে তপুকে তুলে নেওয়া হয়। পরে শরেবাংলা নগর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল।
শামীম খান তপু ২০১৫ সালে এমবিবিএস শেষ করে মাসখানেক আগে ইন্টার্নি শুরু করেছিলেন।
