টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন তারই বাবা। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রবিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার ঘাটান্দি গ্রামের আব্দুল জলিল মুন্সির ছেলে শাহীন (৩০)।
আব্দুল জলিল মুন্সি জানান, দীর্ঘদিন যাবৎ তার ছেলে মাদক সেবন করছিলেন। কোনো অবস্থাতেই তাকে মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে না পেরে বাধ্য হয়েই ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেই ছেলেকে সোপর্দ করেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, মাদকাসক্ত ছেলেকে আইনের কাছে সোপর্দ করে দৃষ্টান্ত স্থাপন করলেন তার বাবা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আসামিকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
