কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের চার ইন্টার্নি চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে রবিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রয়েছে।
গত শুক্রবার রাতে কুমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগির স্বজনদের হাতে ইন্টার্নি চিকিৎসক আবদুল হান্নান, হিমেল, ইমতিয়াজ ও নাদিয়া লাঞ্ছিত হন। ওই ঘটনার প্রতিবাদে গত শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে ইন্টার্নি চিকিৎসকরা।
কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এ বি এম খুরশীদ আলম জানান, ইন্টার্নি ডাক্তারদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ এ পর্যন্ত রাজন, সবুজ, সজীব ও নাজমুল হাসান নামে চারজনকে গ্রেফতার করেছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এছাড়া কুমেকের ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনসহ ডাক্তার, নার্স ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়েছে।
