টাকার বিনিময়ে শিক্ষার্থীদের সরকারি বই বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম এ বরখাস্তের আদেশ দেন।
বরখাস্ত রইস উদ্দিন সিদ্ধিরগঞ্জের গোদনাইল ৭৯ নম্বর তাঁতখানা সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে বিদ্যালয় পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে বলে মাহফুজা বেগম জানান। বিনামূল্যের সরকারি বই দিয়ে এই বিদ্যালয়ের ১২শ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে আদায়ের খবর শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
মাহফুজা বেগম জানান, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা করে আদায়ের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মনজুরুল হককে আহ্বায়ক করে তদন্ত একটি কমিটি গঠন করা হয়।
