তেহরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনায় ৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ক্ষুব্ধ হয়ে ওঠে ইরান। সরকারের পক্ষ থেকে সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবকে হুঁশিয়ারির পর তেহরানে দূতাবাসে হামলা চালায় একদল বিক্ষোভকারী।
হামলাকারীরা এসময় দূতাবাসের সম্প্রসারিত একটি ভবনের আসবাব ভাংচুর করে আগুন ধরিয়ে দেন। পরে নিরাপত্তাবাহিনী এসে ওই এলাকা থেকে তাদের সরিয়ে দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। বিক্ষোভকারীরা সৌদি বাদশা সালমানের পোস্টারেও আগুন দেন।
IMG0
তেহরানের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্বাস জাফরী দোলাতাবাদি জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরও আটক করা হবে। নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা ও এর প্রতিক্রিয়া নিয়ে সৌদি আরব ও ইরান উভয়েই সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। সূত্র: বিবিসি
