নাগেশ্বরীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মুখোমুখি

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৯:৪৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষের জেরে মুখোমুখি আওয়ামী লীগ ও জাতীয়পার্টি। এ ঘটনায় দিনভর শহরে উত্তেজনা বিরাজ করছে। টহল জোরদার করেছে পুলিশ।
 
জানা গেছে, রবিবার দুপুর ১২ টায় নাগেশ্বরী কলেজ মোড়স্থ পল্লি বিদ্যুত অফিসের সামনে তুচ্ছ বিষয়ে স্থানীয় জাতীয় পার্টির নেতা ফজলুল হকের সঙ্গে বানিয়াপাড়া গ্রামের বাবলুর বাক্বিতণ্ডা হয় ও একপর্যায়ে দুইজনের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয়দের হস্তক্ষেপে মারামারি বন্ধ হলে তারা দুইজনই ঘটনাস্থল ত্যাগ করে। পরে ফজলুল হক থানা মোড়স্থ উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে বিষয়টি জানায়। এর এক ঘণ্টা পর জাতীয় পার্টির সহস্র্রাধিক সমর্থক লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাবলুকে খুঁজতে বের হয়। এ সময় তাকে না পেয়ে তার ভাতিজা পৌর যুবলীগ সভাপতি ওমর ফারুককে ধাওয়া করে। প্রাণভয়ে ফারুক নাগেশ্বরী সাব-রেজিস্টার অফিসে আশ্রয় নিলে জাতীয় পার্টির উত্তেজিত সমর্থকরা ওই অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে ওই অফিসের নকল নবিস মজিবর রহমান (৬২) ও ইসলাম হোসেন (৫৩) আহত হন। পরে হামলাকারীরা অফিস থেকে বের হয়ে দলিল লেখক আমিনুল ইসলামের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর দিনব্যাপী চলে উভয় দলের প্রকাশ্য মহড়া। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। টহল জোরদার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
 
নাগেশ্বরী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।