জেলার চারঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক কিশোরকে গাছের সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার এসএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার দিনগত গভীর রাতে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের সিংড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার সিংড়াকান্দি গ্রামের আজিজুল হকের ছেলে।
পরিবারের অভিযোগ, শনিবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের আবু সাঈদ ও আলমগীরের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে মাঠের মধ্যে একটি গাছের সঙ্গে বেঁধে এলোপাথাড়ি মারপিট করে চলে যায়। ভোরে তার বড় ভাই বাদল রহমান খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে তাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায়। এর পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
আব্দুর রহমানের বড় ভাই বাদল রহমানের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আবু সাঈদ ও আলমগীকে আসামি করে আগেই মামলা করা হয়েছিল। মামলাটি বর্তমানে আদালতে বিচারধীন রয়েছে। প্রতিশোধের অংশ হিসেবে তারা আব্দুর রহমানকে মারপিট করেছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
