প্রধান শিক্ষক পদশূন্য কাউখালীর ১১ স্কুল, শিক্ষা কার্যক্রম ব্যাহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ২০:৫২
পিরোজপুরের কাউখালী উপজেলার ১১ টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে কেই না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
 
সূত্র জানায়, উপকূলীয় এ উপজেলায় ৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদশূন্য। এছাড়া ২৭ টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এর মধ্যে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে তিন-চার বছর ধরে প্রধান শিক্ষক পদে কেউ নেই।
স্কুলগুলো হচ্ছে, আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জব্দকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট বিড়ালজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
স্কুলগুলোর কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত ওইসব প্রধান শিক্ষকরা দাফতরিক কাজ নিয়ে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে পাঠদানে অন্য শিক্ষকদের হিমশিম খেতে হয়।
 
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় বলেন, ‘প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয়ের শিক্ষার মান ও প্রশাসনিক কার্যক্রম ঠিক রাখা অসম্ভব। উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় এ বিষয়ে একাধিকবার বলা হয়েছে।’
 
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের পদশূন্য থাকার বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।’