রোগ নির্ণয়ে অদক্ষ টেকনেশিয়ান ব্যবহারের দায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের অভিযান দল।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর মেট্রোপলিটন হাসপাতাল, মেডিক্যাল সেন্টার, রয়েল হাসপাতাল, ল্যাব এইড ডায়গনস্টিক সেন্টার ও মেট্রো ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম এ জরিমানা করেন।
পরে তিনি বলেন, মেট্রোপলিটন হাসপাতালে অদক্ষ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করানো হচ্ছিল এবং সেখানকার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এছাড়া সংগৃহীত বিভিন্ন নমুনা পরীক্ষা করা হয় মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে। এই কারণে মেট্রোপলিটন হাসপাতালকে আট লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ওআর নিজাম রোড এলাকার মেডিক্যাল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন থাকায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকার রয়েল হাসপাতালকে চার লাখ টাকা এবং ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
