নওগাঁর রানীনগর উপজেলায় চিকিৎসার খরচ জোগাতে না পেরে মা ও মেয়ে আত্মহত্যা করেছে। নিহতরা হলেন, উপজেলার মালশন গ্রামের কহিনূর বেগম (৩৫) ও তার মেয়ে মুন্নি আকতার (৭)।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
জানা গেছে, মা ক্যানসার, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ বিভিন্ন রোগে এবং মেয়ে শ্বাসকষ্ট ও জন্ডিস রোগে আক্রান্ত। চিকিৎসার খরচ জোগাতে না পেরে জীবনের সঙ্গে অভিমান করে তারা আত্মহত্যার পথ বেছে নেয়।
রাণীনগর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহ হিল জামান জানান, সোমবার সকালে নিহতদের ময়না তদন্ত সম্পন্ন করা হবে। এ ঘটনায় পৃথক ইউডি মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
