লক্ষীপুরের চরশাহীর জাফরপুরে ডাকাত-পুলিশের মধ্যে 'বন্দুকযুদ্ধে' ঘটনা ঘটেছে। পুলিশের তালিকাভূক্ত ডাকাত মেহরাজ উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এসময় ৪ পুলিশ আহত হয়। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তালিকাভূক্ত শীর্ষ ডাকাত ও হত্যা ডাকাতিসহ একাধিক মামলার আসামি মেহরাজ উদ্দিন তার দলবল নিয়ে সদর উপজেলার চরশাহীর জাফরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে ভোররাতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের ধরতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে পুলিশ এবং ডাকাতদলের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ডাকাত মেহরাজ উদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়।
গুলিবিদ্ধ মেহরাজ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবল মাইন উদ্দিন, সুলতান মাহমুদ, বাহার উদ্দিন, আবদুল মমিনকে ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেয়া হয়েছে।
