লালমনিরহাটে শিক্ষার্থীকে হত্যার চেষ্টা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৫:০৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সোহাগপুরে ৭ম  শ্রেণির বই ও শিক্ষার্থীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানায়, পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র তানজির মোর্শেদের শয়নকক্ষের পড়ার টেবিলে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তার বই পুড়ে যায়। তার বিছানায় আগুন লাগার সময় প্রচণ্ড তাপে তানজির মোর্শেদ চিৎকার করলে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।    
 
তানজির মোর্শেদ বলে, ‘আগুনের তাপে টের না পেলে হয়ত আমি বইয়ের সঙ্গে পুড়ে ছাই হয়ে যেতাম।’
 
তানজির মোর্শেদের বাবা আবুল কালাম আজাদ বাবুল বলেন, 'উঠে দেখি ঘরের দরজা ভাঙা, ছেলেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেই। আগুন নেভানোর পর ঘরে গিয়ে দেখি, ড্রয়ারে রাখা দেড় লাখ টাকা নেই। কে নিয়েছে জানি না। এর আগেও দুইবার কে বা কারা এ ধরণের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে পাটগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’