গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার দুপুরে সদরের গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক এবং কাশিয়ানি উপজেলার চাপ্তা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন বাগেরহাটের মোল্লাহাটের আব্দুল বারিক মোল্লার ছেলে হেলাল মোল্লা (৩৪) ও কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের নুর ইসলামের মেয়ে হাসি খানম (১৩)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সওগাতুল আলম জানান, হেলাল মোটরসাইকেলে করে মোল্লাহাট থেকে গোপালগঞ্জ শহরে আসছিলেন। পথে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাশিয়ানি থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি কভার্ডভ্যান পেছন দিক থেকে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে হাসি ঘটনাস্থলেই মারা যায়। আহত হন চারজন।
