চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলাকারী সন্ত্রাসীদের মদদ দেয়া লোকজন বিভিন্নভাবে সাংবাদিকদেরকে মামলা তুলে নেয়ার হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিকাল পাঁচটায় সন্ত্রাসীরাসহ তাদের মদদদা লোকজন পৌরসদরে প্রকাশ্যে মিছিল করে এক সপ্তাহের মধ্যে মামলা তুলে নেয়ার হুমকি দেয়। অন্যথায় বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করা হবে বলে মিছিল থেকে সাংবাদিকদেরকে শাসানো হয়।
প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক লিটন কুমার চৌধুরী এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নাই। তাদের বিচার হতেই হবে এবং আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের গড ফাদাররা এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে সন্ত্রাসীদের বাঁচাতে এই আন্দোলন করেছে। এর পেছনেও বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতা রয়েছে।’
উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে সীতাকুণ্ড প্রেসক্লাবে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মেয়র নায়েক শফির সংবাদ সম্মেলন চলাকালে স্থানীয় চিহ্নিত ডাকাত হত্যাসহ বহু মামলার আসামি দাউদ সম্রাট, মিরসরাইয়ের হারুন বাহিনীর প্রধান হারুনসহ ২৫/৩০ জন সন্ত্রাসী বন্ধুক, ককটেল, ইটপাটকেলসহ বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের এলোপাথাড়ি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রেসক্লাবের দরজা-জানালাসহ স্থাপনা। সাংবাদিকরা ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়ায় কোনরকম প্রাণে বাঁচলেও আহত হন অন্তত ১০ জন। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে মামলা করা হয়।
