চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বোমা মেরে একজনকে হত্যা করা হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জীবননগর থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিহত মোহাম্মদ আলী (৫৫) ওই এলাকার মৃত জাবেদ আলীর ছেলে। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি হুমায়ুন আরো বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের টিপুর চায়ের দোকানে বসে ছিলেন মোহাম্মদ আলীসহ কয়েকজন। এ সময় কে বা কারা পরপর ৩-৪টি বোমা ছুড়ে মারে। এতে মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু হেনা মোহাম্মদ জামাল জানান, আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
