পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জ অফিসের সামনের নদী দিয়ে যাওয়ার সময় তেলবাহী (অয়েল ট্যাংকার) এমভি মক্কা- ১ জাহাজের ধাক্কায় বিভাগের ফাইবার বড্রি কেবিন ক্রুজারসহ তিনটি লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার দুপুরে পূ শরণখালা রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফাইবার বডির কেবিন ক্রজার লঞ্চটি মাঝখান থেকে ভেঙ্গে অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। এতে বিভাগের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বনবিভাগ জানায়, দুর্ঘটনায় দায়ী অয়েল ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে।
শরণখোলা রেঞ্জের এসিএফ মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুপুর দেড়টার দিকে মংলা থেকে অয়েল ট্যাংকার এমভি মক্কা- ১ বগী-শরণখোলা ভারাণী নদী দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। জাহাজটি শরণখোলা রেঞ্জ অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় পল্টুনের গ্যাংওয়েতে নোঙর করে রাখা বনবিভাগের ফাইবার বডির কেবিন ক্রুজারে আঘাত করে। এতে ২৫ লাখ টাকা মূল্যের ওই লঞ্চটির মাঝ থেকে ভেঙে গিয়ে নদীতে অর্ধ নিমজ্জিত হয়। এসময় কেবিন ক্রুজারের পাশে থাকা বনবিভাগের বন হরিণী- ১ ও বন হরিণী- ৪ নামের আরো দুটি টহল লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। অয়েল ট্যাংকারের ধাক্কায় পল্টুন এবং গ্যাংওয়ে ক্ষতিগ্রস্ত হয়।
