নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর সাত লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটক দুইজন হলেন, জাহিদুল ইসলাম (৪০) ও মাহাবুর রহমান (৩৫)।
ছিনতাইয়ের শিকার নজরুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নীলফামারী সোনালী ব্যাংকের একটি শাখা থেকে সাত লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। উপজেলার কাঠালতলী মোড়ে এসে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল নজরুলের হাতে থাকা কাপড়ের ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় উপস্থিত জনতা ধাওয়া করে দলের দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অন্যরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘এটি ছিনতাই না অন্য কিছু তা তদন্তের আগে বলা যাবেনা।’
