জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার রাধানগর গ্রামে বড় ভাই ও ভাতিজার শাবলের আঘাতে নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নাসির উদ্দিন জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার বিকালে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই আব্দুর রশিদ, লুত্ফর রহমান ও ভাতিজা হাসানসহ কয়েকজন তাকে শাবল ও লাঠিসোটা দিয়ে মাথায় আঘাত করে। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিত্সাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
