চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণসহ জামায়াতের আট নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। এরা হলেন, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণ, শিবির কর্মী মহসিন উদ্দিন, মোস্তফা মিয়া, রাশেদ, কাউছার হোসেন, আরিফ হোসেন ও আবদুর রহমান।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুফ একটি মামলার হাজিরা দিতে গেলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ জানান, তারা নাশকতার মামলার আসামি।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাত ১২ টা ৫৫ মিনিটে একাত্তরে মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হবার পর ওই সময় জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা হাজীগঞ্জ আল কাউছার স্কুলে গায়েবানা জানাজার নামাজ আদায় করেন। এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক আবদুল মান্নান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
