নিজামীর ফাঁসির দণ্ড বহালের আশা গণজাগরণের

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৯:৪৭
যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।
 
মঙ্গলবার এক বিবৃতিতে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিলেন। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে একাত্তরের ঘাতক আলবদর বাহিনীর প্রধান এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির রায় বহাল থাকবে বলে প্রত্যাশা করছি।
 
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নিজামীর আপিলের রায় ঘোষণা করা হবে বুধবার। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চারটি অভিযোগে ফাঁসির দণ্ড দিয়েছে তাকে। এ ছাড়া আরও চারটি অভিযোগে নিজামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আপিল বিভাগে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হলে দেশ কলঙ্কমুক্ত হবে বলে মনে করেন ইমরান।
 
এদিকে নিজামীর আপিলের রায় ঘোষণার দিন বুধবার সকাল ৮টা থেকে শাহবাগে প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা এসেছে মঞ্চের পক্ষ থেকে।