গাড়ি থামিয়ে চালককে গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই, দুইজন জখম

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৯:৫১
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির গাড়ি আটকে চালককে গুলি করে ২৮ লাখ ৪৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এ সময় ছিনতাইকারীরা গাড়িতে থাকা কোম্পানির হিসাবরক্ষক ও নিরাপত্তা কর্মীকে কুপিয়ে আহত করে।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের কাশীপুর দেওয়ান বাড়ি এলাকাতে এ ঘটনা ঘটে। আহত গুলিবিদ্ধ গাড়ি চালক রজ্জব আলী (৪৮), হিসাবরক্ষক রমিজউদ্দিন (৪০) ও নিরাপত্তা কর্মী আবুল বাশার (৪৫) জেলা শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হিসাবরক্ষক রমিজ উদ্দিন জানান, দুপুর আড়াইটায় তারা গাড়িতে করে ফতুল্লায় সোশ্যাল ইসলামি ব্যাংক শাখা থেকে এসব টাকা উত্তোলন করে কোম্পানির নিজস্ব হাইএস গাড়িতে করে মুন্সিগঞ্জ মুক্তারপুর কোম্পানিতে যাচ্ছিলেন। কাশীপুর দেওয়ান বাড়ি এলাকাতে পৌঁছালে মোটরসাইকেলে করে ৫-৬ জন দৃর্বৃত্ত রামদা হাতে নিয়ে গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়ির চালক রজ্জব আলী বাধা দিলে তাকে গুলি করে। পরে গাড়িতে থাকা অপর দুইজনকে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছিনতাইকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।