ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে তিন শিশুকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার আসামি ইকবাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার এস আই এমদাদ হোসেন জানান, দুপুর একটায় চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত বিধি মোতাবেক তাকে ভাবনাচিন্তার সময় দেন। চিন্তাভাবনা শেষে ইকবাল হোসেন আদালতের বিচারক আব্দুল মতিনের কাছে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল পাঁচটার দিকে আসামি বিচারকের খাস কামরা থেকে বের হয়ে আসেন।
তদন্তকারী কর্মকর্তা আরো জানান, নথি হাতে পাওয়ার পর জবানবন্দির বিস্তারিত পাওয়া যাবে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় আসামি ইকবাল হোসেন নিজ বাড়িতে ভাইপো শাফিন ও আমিন এবং ভাগ্নে মাহিনকে কুপিয়ে ও পেট্রোল গ্যাসের আগুনে পুড়িয়ে হত্যা করে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশে দেয়।
