শিবপুর উপজেলা চত্বরে ১৪৪ ধারা জারি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২০:৩০
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চত্বরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
 
জানা গেছে, পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবলীগ। এতে স্বতন্ত্র সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে প্রধান অতিথি করা হয়। তিনি গত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকাকে হারিয়ে হাস মার্কায় নির্বাচিত হন।
 
বিষয়টি মেনে নিতে না পারায় উপজেলা কৃষকলীগ একই স্থানে একই সময়ে আলোচনা সভা করার অনুমতি চায়। কিন্তু আগে আবেদন করায় স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে যুবলীগকে অনুমতি দেয়। এতে তারা বিশাল নৌকা মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করে।
 
উপজেলা কৃষকলীগের আবেদন মঞ্জুর না হওয়ায় উপজেলা আওয়ামী লীগ নৌকা মঞ্চ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামে স্বতন্ত্র সংসদ সদস্য যাতে কোনো অনুষ্ঠান না করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে আবেদন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাহাজ মো. হারুনুর রশীদ খান ও সাধারণ সম্পাদক আলহাজ সামসুল আলম ভূঁইয়া রাখিল।
 
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যেকোনো ধরনের অপ্রীতিকার পরিস্থিতি এড়াতে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।