বরগুনার শিশু রবিউল হত্যা মামলার পাঁচ মাস পর অভিযোগপত্র গঠন করা হয়েছে। মঙ্গলবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ চার্জ গঠন করেন।
এর আগে মামলাটি আমলে নিয়ে সাক্ষ্য গ্রহণের জন্য চার্জ গঠন করার দিন কয়েকবার পিছিয়ে এদিন ধার্য করে আদালত।
বরগুনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর জানান, আগামী ১২ জানুয়ারি প্রথমে মামলার বাদী ও শিশু রবিউলের বাবা দুলাল মৃধার সাক্ষ্য গ্রহণ করা হবে। এরপর পর্যায়ক্রমে প্রতিদিন দুইজন করে সকলের সাক্ষ্য গ্রহণ হবে। তিনি আরো বলেন, ‘আগামী ৩ মাসের মধ্যে এ মামলার বিচার কাজ শেষ হবে বলে আশা করছি।’
প্রসঙ্গত, গত ৩ অগাস্ট গভীর রাতে শিশু রবিউলকে ঘেরের মাছ চুরির অভিযোগে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ৪ অগাস্ট বিকেলে উপজেলার ছোট আমখোলা গ্রামের একটি মাছের ঘের থেকে পুলিশ রবিউলের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ৫ আগস্ট থানায় মামলা হলে ওইদিনই রবিউল হত্যার নায়ক একই এলাকার দেলোয়ারের পুত্র মিরাজকে (২৮) পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার মামলার তদন্ত শেষে ২২ আগস্ট উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে একজনকে আসামি করে চার্জসিট দাখিল করে। মামলার বাদী রবিউলের বাবা ছোট আমখোলা গ্রামের মো. দুলাল মৃধা চার্জসিটের উপর নারাজি আবেদন করলেও পরবর্তীতে চার্জসিটের উপর আপত্তি নাই বলে আবেদনটি আবার উত্তোলনও করেন। এ মামলার ম্যাজিস্ট্রেট মামলাটি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে পাঠায়। পরবর্তীতে বিচারক মামলাটি কিশোর আদালতে পাঠায়।
তিনি আরো জানান, রবিউল হত্যা মামলার চার্জসিট ১৭ দিনের মধ্যে দাখিল করা হয়। এ মামলার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তার হয়নি।
