টঙ্গীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ০২:২৭
টঙ্গীর হিমারদীঘি এলাকায় চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে ওই এলাকার একটি ভাঙ্গারী দোকানে। নিহত কিশোরের নাম মোজাম্মেল হক মজু (১৪)। এদিকে গতকাল মঙ্গলবার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বস্তিবাসী নিহতের লাশ নিয়ে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেলের বাসায় যায়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ওই ভাঙ্গারী দোকানের পাশ দিয়ে মোজাম্মেল তার বাসায় যাচ্ছিল। এসময় ভাঙ্গারী দোকানের মালিক সুমনসহ ৪/৫ জন তাকে ধরে দোকানের মধ্যে নিয়ে বেধড়ক মারধর করে আটক করে রাখে। এরপর রাতে এলাকাবাসী পুলিশকে খবর দিলে টঙ্গী মডেল থানা পুলিশের এসআই আবুল খায়ের রাত সোয়া একটার দিকে দোকান থেকে টোকাই মজুর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
স্থানীয়দের অভিযোগ, সুমন টঙ্গী থানা মহিলা লীগ নেত্রী নাছরিন আক্তারের স্বামী হওয়ায় সারারাত মামলা না নিয়ে পুলিশ নিহতের স্বজনদের সাথে আপোষ-রফার চেষ্টা চালায়। ঘটনার একদিন পার হলেও থানায় মামলা নেয়নি টঙ্গী থানা পুলিশ। ঘটনাটি জানাজানি হলে গতকাল মঙ্গলবার লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
 

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার এসআই আবুল খায়ের জানান, এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।