ঢাকার দোহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে মো. জুলহাস উদ্দিন (৩৫) নামের এক যুবলীগ নেতা আহত হয়েছেন। আহত যুবলীগ নেতা উপজেলার কাঁটাখালি গ্রামের বাসিন্দা।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সদরে এঘটনায় দেশিয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মো. আরিফ (২৪) উপজেলার উত্তর জয়পাড়া গ্রামের মো. নূর আলমের ছেলে ও মো. রতন (২১) উত্তর জয়পাড়া বাগবাড়ি গ্রামের আনসার আলীর ছেলে।
ঘটনার বরাত দিয়ে ওসি সিরাজুল ইসলাম আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা সদরে আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হলে যুবলীগ নেতা জুলহাস আহত হন। পরে স্থানীয়রা আহত জুলহাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রসহ আরিফ ও রতন নামের দুই যুবককে আটক করে থানায় নেয়া হয়। আহত জুলহাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় দোহার থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
