ঢাকা-দর্শনাগামী দর্শনা ডিলাক্স পরিবহনে স্থানীয় কাউন্টারে সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে যাত্রীদের মারপিট ও তাদের কাছ থেকে নগদ টাকা মালামাল লুট করেছে। এ সময় নাইটগার্ড কাঠু মণ্ডলকে হাত পা বেঁধে ডাকাত দল লুট করেছে। বুধবার ভোর দর্শনায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও দর্শনা ডিলাক্স পরিবহনের কাউন্টার মাস্টার সাংবাদিকদের জানায়, আগের দিন রাতে দর্শনা ডিলাক্স পরিবহন ঢাকা থেকে ছেড়ে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা কাউন্টারে পৌঁছায়। পরিবহন থামার সঙ্গে সঙ্গে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল গাড়িতে ও কাউন্টারে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে অবস্থান করা ভারতগামী পাসপোর্ট যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মালামাল লুট করে। যাত্রীরা চিৎকার করার চেস্টা করলে তাদেরকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
বুধবার সকাল ১০ টার দিকে দর্শনা ডিলাক্স পরিবহনের কাউন্টার মাস্টার মো. লাভলু মিয়া বাদি হয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ফেরদৌস ওয়াহেদ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।
