ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আক্কাস মিয়া (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন যাত্রী। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস মিয়ার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
গুরুত্বর আহত সাহিন মিয়া (৪৫), বাবু সরকার (৪০) তরিকুল ইসলাম হারুন (৪০) এর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সোনারামপুর এলাকায় থানার সামনে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের সঙ্গে ও ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২০যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার সাহিন মিয়া (৪৫), বাবু সরকার (৪০), ফজলু (৪৫), ফয়সল (২৫), হবিগঞ্জ সচীন্দ্র কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম হারুন (৪০) ও তার মেয়ে প্রকৃতি (১২), এরশাদ (২৩) ও নাসিরনগর উপজেলার গিয়াস উদ্দিন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় গুরুত্বর আহত আক্কাস মিয়াকে (৪০) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ বাস ২টি আটক করতে পারলেও চালকদেরকে আটক করতে পারেনি।
আশুগঞ্জ থানার ওসি মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করা হয়েছে। বাস দু'টিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর সিদ্দক জানান, নিহত যাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
