নগরীর তালাইমারীতে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তালাইমারী ট্রাফিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম সাকলাইন জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে তালাইমারী মোড়ে শিবির কর্মীরা মিছিলের প্রস্তুতি নেয়। পুলিশ গিয়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় শিবিরকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে।
