নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকায় উচ্ছ্বাসিত পাবনাবাসী

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৮:১১
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় উচ্ছ্বাসিত পাবনার মানুষ। বুধবার সকালে আপিল রায় ঘোষণার পর জেলার মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও সুশিল সমাজ এ রায়কে স্বাগত জানিয়েছেন।
 
পাবনা জেলা মুত্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আব্দুল বাতেন বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ মামলায় কুখ্যাত রাজাকার, আলবদর, আল শামসের নেতা নিজামীর মৃত্যুদণ্ড আপিল রায়ে বহাল থাকায় আমরা খুশি। এ রায় আমাদের প্রত্যাশিত ছিল। আমরা রায়কে স্বাগত জানাই।’
 
জেলার সাংস্কৃতিককর্মী গোপাল স্যান্যাল বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে আমরা কলঙ্ক মুক্তির পথে আরো একধাপ এগিয়ে গেলাম। এর ফলে নতুন প্রজন্ম রাজাকারবিহীন একটি সোনার বাংলা পাবে।’
 
নাট্যকর্মী ভাস্কর চক্রবর্তী বলেন, নিজামীর এ রায়কে আমরা সাধুবাদ জানাই। এ রায়ই আমাদের আশা ছিল, আমরা পেয়েছি।
 
এদিকে নিজামীর রায় ঘিরে পাবনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার আলমগীর কবির বলেন, রায় ঘিরে যাতে কোনো নাশকতা না হয় সেজন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি রয়েছে। শহরের বিভিন্ন স্থানে ও নিজামীর নিজ এলাকা সাঁথিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।