মিয়ানমারের বিজিপি সদস্যকে ফেরত পাঠালো বিজিবি

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৮:৪০
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 
বুধবার দুপুর ১টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিজিপির সঙ্গে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তাকে স্বদেশে ফেরত পাঠানো হয়। ফেরত  পাঠানো লাতুংহ্লা (২০) মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সিপাহী।  মঙ্গলবার বিকেল ৫টার দিকে নাইক্ষ্যংছড়ির আশারতলী পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিজিবির নিয়মিত টহল দলের সদস্যরা।
 
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রামুর ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ এবং বিজিপির পক্ষে নেতৃত্ব দেন ২নম্বর বর্ডার পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক কর্র্নেল চ তুই জা।