সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩২

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১২:১০
জামায়াতের ডাকা হরতালে নাশকতা এড়াতে পুলিশের অভিযানে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জামায়াত-শিবিরের ৮ জন, বিএনপির একজন ও নিয়মিত মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক। 
 
এদিকে, মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামির ফাঁসির রায় বহাল থাকায় জামায়াতের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরায়। বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল-মিটিং-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।  
 
অন্যান্য দিনের মতো জেলার সব রুটে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। অফিস আদালত ব্যাংক, বীমা, স্কুল, কলেজ খোলা রয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরেও স্বাভাবিকভাবে চলছে আমদানি-রফতানি কার্যক্রম।