খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের উৎপাদন বন্ধ রেখে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে শ্রমিকরা। গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা-যশোর অঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, খালিশপুর, ইস্টার্ন, আলিম এবং নওয়াপড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং মিলের শ্রমিকরা ধর্মঘট পালন করছে।
এর আগে ৯ দফা বাস্তবায়নের দাবিতে পাটকল শ্রমিক লীগ নেতারা প্রত্যেকটি মিলের সিবিএ ও নন-সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক করে ৭ দিনের আন্দোলন কর্মসূচির ডাক দেয়।
আরো পড়ুন: নুরকে বুকে জড়িয়ে ধরলেন শোভন, এক সঙ্গে কাজ করার অঙ্গীকার
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক মো. মুরাদ হোসেন জানান, ৯ দফা দাবিতে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এ ধর্মঘটে খুলনা অঞ্চলের স্থায়ী-অস্থায়ী প্রায় ৩৫ হাজার শ্রমিক মিলের উৎপাদন বন্ধ রেখে এ আন্দোলনে অংশগ্রহণ করেছেন।
মুরাদ হোসেন অবিলম্বে মজুরি কমিশন, বকেয়া মজুরি প্রদান, পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, অবসরপ্রাপ্ত শ্রমিকসহ উল্লেখিত দাবি ও সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদানসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান সরকারকে।
ইত্তেফাক/জেডএইচ
