দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, প্রত্যেক মানুষের শিকড়ের টান থাকে। সেই টানেই আজ আমি পিত্রালয় এসেছি। যদিও এখানে আমার থাকার সুযোগ হয়নি, তবে আমার পিতা-মাতা ও পরিবারের সদস্যরা এখানেই বসবাস করেছেন। তাই পিতৃভূমির স্মৃতি রক্ষায় এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বর সংলগ্ন পৈত্রিক ভিটায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি তাৎক্ষণিক ভাবে এলাকার মানুষের জন্য একটি পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন এবং তার পরিবারের নামানুসারে চন্দন বাড়ি টি-ফ্যামিলি ট্রাস্ট গঠন করার ঘোষণা দেন।
এর আগে তিনি চন্দনবাড়ি বাজার সংলগ্ন জামে মসজিদের পাশে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করে বৃক্ষ রোপণ করেন এবং পৈত্রিক নিবাস পরিদর্শন করেন। এ সময় এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।
IMG0
তার উপস্থিতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাসমিমা হোসেনের বোন লুকলা রহমান, তাজিম রহমান, ভাগ্নি লায়লা জায়নাব, দিনাজপুরের নারী উন্নয়ন কর্মী জিন্নাত রহমান, চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমতাজুল করীম জাহাঙ্গীর, টি-ফ্যামিলির সদস্য একেএম আজাদ, দৈনিক ইত্তেফাকের দিনাজপুর স্টাফ রিপোর্টার মতিউর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান খোকন ও বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম।
IMG1
বৃহস্পতিবার সকালে ৬ সফর সঙ্গীসহ তাসমিমা হোসেন পৈত্রিক নিবাসে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী। এর পর তিনি উপজেলার প্রামানিক পাড়া মোঘলিকেল্লা কবর জিয়ারত করেন। পৈত্রিক নিবাস থেকে তিনি জেলার আটোয়ারী উপজেলায় প্রয়াত চিত্র নায়ক রহমানের কবর জিয়ারত করে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ির ঐতিহ্যবাহী টি-ফ্যামিলির একজন সদস্য।
