নোয়াখালীর সেনবাগ পৌরশহরে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) অপহরণ করেছে একদল বখাটে যুবক। অপহৃত স্কুলছাত্রী সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদালয়ের ছাত্রী।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের অর্জুনতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী সেনবাগ পৌরসভার ১নং বাতানিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী স্কুলছাত্রী সহযোগী ইমু জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সে ও অপহৃত ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে স্কুলের উদেশ্যে রওনা দেয়। শহরের অর্জুনতলা গ্রামের চৌরাস্ত এলাকায় পৌঁছালে একদল বখাটে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় সহপাঠী ইমুর চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার এগিয়ে আসলে বখাটেরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মাহবুবুর রহমান প্রকাশ মাহবুবসহ (২৮) ও ৫-৬ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চলছে।
