যশোরের ব্যবসায়ী আমিনুর রহমান বাপ্পী হত্যা মামলায় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সুমন চৌধুরী, রায়হান, রকি, সবুজ, সোহাগ, জাহাঙ্গীর ও নাহিদ আলম নয়ন।
বৃহস্পতিবার দুপুর একটায় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১১ মার্চ দুপুর একটার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল মোড় এলাকায় মাটি ও বালু ব্যবসায়ের জের ধরে আমিনুর রহমান বাপ্পীকে কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন রাতে বাপ্পীর বাবা মো. মনির হোসেন মনি যশোর কোতয়ালী থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর থানার এসআই সোয়েব আহম্মেদ নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট দাখিল করেন। আদালত ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করে।
