পাবনা শহরতলীর মন্ডলপাড়ায় স্থানীয় যুবলীগের হাব্বান ও মোয়াজ্জেম গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ ঘটনায় নারীসহ কমপক্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ মাট্যা উজ্জল (৪৪), মাহবুব (৩০), হামিদুল (২৮), মনোয়ারা খাতুন (৩৬), নাসিম (২৫), কাঞ্চন (৩১), হানিফ (৩২) এবং পারভীন আক্তার (৪০) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মন্ডলপাড়ায় স্থানীয় যুবলীগ মোয়াজ্জেম ও হাব্বানের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার রাতে হাব্বানের লোকজন মোয়াজ্জেম গ্রুপের বিদ্যুৎ নামের একজনের পায়ে গুলি করে। এতে বিদ্যুৎ আহত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বুধবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন বিদ্যুৎ। এরপর প্রতিশোধ নিতে বুধবার সন্ধ্যায় বিদ্যুত তার সমর্থকদের নিয়ে হাব্বান সমর্থকদের বাড়িতে আচমকা গুলি চালায়। এতে নারীসহ সাতজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে পাঁচজনই নিরীহ প্রতিবেশী বলে জানা গেছে।
পাবনা থানার পুলিশ এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা পালিয়ে যায়।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
