ওমরগণি কলেজে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ২১:৩৬
 
পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে জাকির হোসেন রোডে দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগকর্মীরা সংঘর্ষে জড়ায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
 
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘দুপুরে জাকির হোসেন রোডে কলেজের সামনে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।’
 

সংঘর্ষকারীরা ছাত্রলীগের কর্মী বলে জানালেও কী কারণে এই সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে ওসি জানান। কলেজের একাধিক ছাত্রলীগ নেতা-কর্মী জানান, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকার ভাগ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।