আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১২:২৬
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন শুক্রবার বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে আসতে থাকা মুসল্লিদের ঢল শুক্রবারও অব্যাহত আছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজে লাখ লাখ মুসল্লি এক সঙ্গে জুম্মার নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। 
 
আজ ছুটির দিন থাকায় গাজীপুরসহ আশপাশের অঞ্চল গুলো থেকে বিপুল সংখ্যক মুসল্লি জুম্মার নামাজ আদায় করতে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে। 
 
এ বছর প্রথম পর্বে ১৭টি জেলার অংশ নেয়া মুসিল্লরা চটের বিশাল সামিয়ানার নিচে অবস্থান নিয়েছেন। 
সকাল থেকে টঙ্গী ও এর আশপাশের লোকজন ইজতেমায় বৃহত্তর জুমার নামাজের জামাতে অংশ নিতে পায়ে হেঁটে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। 
 
ইজতেমা সূত্র জানায়, বাদ ফজর উর্দূতে আম বয়ান করেন ভারতের হযরত মাওলানা আবদুর রহমান। বয়ানটি বাংলায় তরজমা করেন বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মতিন।
 
আজ ইজতেমা ময়দানে বৃহত্তর জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশের কাকরাইল মসিজদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা মোহাম্মদ জোয়াহের। বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির হযরত মাওলানা মোহাম্মদ সাদ।
 
সকালে ইজতেমা র‌্যাবের কন্ট্রোল রুমে এক সংবাদ ব্রিফিংকালে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান বলেন, 'হামলার কথা মাথায় রেখে র‌্যাবের পক্ষ থেকে ইজতেমা ময়দানে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।'
 
বৃহস্পতিবার ইজতেমা ময়দানে তিন মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন, উলিপুর কুড়িগ্রামের নুর ইসলাম (৭২), গোলাপগঞ্জ সিলেটের জয়নাল আবেদিন (৫৫), নাটরের ফরিদ উদ্দিন (৫৪)।
 
এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে ইজতেমা ময়দানের বিভিন্ন স্থান থেকে ১১জন পকেটমারকে আটক করা হয়েছে