মেহেরপুরের মুজিবনগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় চা বিক্রেতা লিয়াকত আলী শেখ (৫০) নিহত হয়েছেন। পাওনা ৪০০ টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলে ফয়সাল হোসেন, ভাই মাবুদ শেখ ও পারভেজ হোসেন (৪০)।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামের এ ঘটনা ঘটে। আহত তিনজনকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লিয়াকত শেখ বাগোয়ান গ্রামের গোলাম মক্করের ছেলে।
জানা গেছে, লিয়াকত শেখের ভাই রিপন হোসেন একই গ্রামের জামাত আলীর কাছে ৪০০ টাকা পেতেন। বিকেলে লিয়াকত আলীর চায়ের দোকানে জামাত আলী এলে তার কাছে পাওনা টাকা চান রিপন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে জামাত আলী বাড়ি থেকে ১০-১২ জন লোক এনে লিয়াকত আলীর দোকানে হামলা চালায়। এ সময় লিয়াকত আলীসহ ছেলে ও দুই ভাইকে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, লিয়াকতের লাশের ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হামলাকারী জামাত আলীসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
