জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সুমন (২৮) উপজেলার কয়া গ্রামের কাইয়ুম আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলাধীন পাঁচবিবি-হিলি সড়কের ভীমপুর নামক স্থানে পেছন দিক থেকে একটি ধান বোঝাই ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক সুমন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তৎক্ষণাৎ পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
