মাগুরায় দুদলের সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ২১:৫৭
আধিপত্য বিস্তারের বিরোধে মাগুরায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার গাংনি পাটোখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ বিশ্বাস এবং রহমান মোল্লার নেতৃত্বে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২৩ ডিসেম্বর জাহিদ বিশ্বাসের সমর্থক নজির বিশ্বাস প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ৩ জানুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এর জেরে শুক্রবার দুপুরে নিহত নজির বিশ্বাসের পক্ষে জাহিদ বিশ্বাসের লোকজন প্রতিপক্ষ রহমান মোল্লার সমর্থকদের  ৩০টি বাড়িতে ভাংচুর চালায়। এ সময় রহমান মোল্লার লোকজন তাদের উপর পাল্টা হামলা চালালে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।