কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামাল হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
শুক্রবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার পদুয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। জামাল উপজেলার কুলাসার গ্রামের আলী হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত পদুয়া রাস্তায় মাথায় জামাল হোসেনকে গুলি এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ১০ টার দিকে হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় আনা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি।’
