এবার জেলার পাঁচ উপজেলায় সরিষার ব্যাপক চাষ হয়েছে। যে দিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। মৌমাছিদের গুন গুন শব্দে এখন মূখরিত সরিষার জমি গুলো ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি রবি ফসল উৎপাদন কর্মসূচীর আওতায় ১১ হাজার ৬ শ ৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৩ হাজার ৫ শ হেক্টর, পাঁচবিবিতে ৪ হাজার ৫ শ হেক্টর, আক্কেলপুরে ১ হাজার ৬ শ হেক্টর, কালাই উপজেলায় ৪ শ ৪০ হেক্টর ও ক্ষেতলাল উপজেলায় ১ হাজার ৬ শ হেক্টর। এতে ১৩ হাজার ৭ শ ৩৫ মেট্রিক টন সরিষা উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা প্রকাশ করেছেন।
সদর উপজেলার বুলুপাড়া গ্রামের সুপ্লব চন্দ্র মন্ডল এবার ২ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছেন তিনি। এ ছাড়াও সরিষা চাষী সুজন কুমার মন্ডল, সামছুদ্দিন মন্ডল বলেন, অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ কম। ফলে লাভ বেশী হয় বলে জানান চাষীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান ইত্তেফাককে বলেন, উৎপাদন খরচ তুলনামূলক কম ও দাম ভাল পাওয়ায় সরিষা চাষে কৃষক পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া সরিষা চাষের উপযোগী হওয়ায় গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলনের আশা করেন তিনি।
