শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১০:৪৫
ঘনকুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। শনিবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
 
চলাচল বন্ধ হওয়ায় মাঝপদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে  শতাধিক যানবাহন ও তিন শতাধিক যাত্রী নিয়ে নোঙর করেছে পাঁচটি ফেরি।
 
বি আইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত থেকে নৌ চ্যানেলের মার্কিং বয়াগুলো দেখা যাচ্ছিল না। এ ছাড়া ফেরিগুলোতে থাকা ফগ লাইটও কাজ করছিল না। এমন পরিস্থিতিতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
 
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, ঘাট এলাকায় পরিষ্কার দেখা গেলেও ফেরিগুলো নৌ চ্যানেলে ঢুকলে ঘন কুয়াশায় সামনের দিকে কিছুই দেখা যায়নি। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।