মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে মসজিদে নামাজ পড়তে যাওযার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী (৫০) নামের এক চা দোকানি খুন হয়েছেন। শুক্রবার বিকালে আছরের নামাজের পরে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী বাগোয়ান গ্রামের স্কুল পাড়ার বাসিন্দা।
স্থানীয় মীর হোসেন জানান, স্কুলপাড়া মসজিদে আছরের নামাজ শেষে লিয়াকত আলীর ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে খোকন, ছোট খোকা ও কাবিদুল ইসলামের নামাজ নিয়ে বিতর্ক হয়। এক পর্যায়ে ছোট খোকা, খোকন ও কাবিদুল ইসলাম এক হয়ে ফয়সাল হোসেনকে মারধর শুরু করে। এ সময় লিয়াকত আলী তার ছেলেকে বাঁচাতে এলে ছোট খোকা, খোকন ও কাবিদুল ইসলামের হাতে থাকা হাসুয়া ও অন্যদের হাতে থাকা ইট দিয়ে তাকে আঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা লিয়াকত আলীকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোলাম মক্করের অপর ছেলে আব্দুল মাবুদ, রিপন হোসেন ও নিহত লিয়াকত আলীর ছেলে ফয়সাল আহমেদ আহত হয়েছেন। আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য জানিয়ে বলেন, 'বর্তমানে এলাকা শান্ত রয়েছে। দোষীদের আটক করতে অভিযান চলছে।'
