সনদপত্র অর্জনের পাশাপাশি মানবিক গুণের অধিকারী হওয়ার জন্য মেডিক্যালের নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিত্সা একটি মহান পেশা। এ পেশার মর্যাদা সমুন্নত রাখার দায়িত্ব প্রথমত চিকিত্সকদের। সরাসরি মানুষের সেবা করার এমন সৌভাগ্য শুধু ডাক্তারদেরই আছে। মানুষ চিকিত্সকদের কাছে সামান্য পরিচর্যা ও সহানুভূতির জন্য আসে। অনেক ধৈর্য্য ও সহনশীলতার অধিকারী হতে হয় চিকিত্সকদের। এসব গুণ হঠাত্ করে অর্জন করা সম্ভব নয়। তাই মেডিক্যাল শিক্ষার প্রথম বর্ষ থেকেই নবীন শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন হওয়া দরকার ।
শনিবার ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস ৭৩ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সফল হতে পারেননি ষড়যন্ত্রকারীরা। উচ্চ আদালতেও জয়ী হয়েছি আমরা। অভিযোগকারীদের মিথ্যা তথ্য টিকেনি। অথচ মিথ্যা তথ্য দিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হয়েছিল।
খবর বাসসের।
