সৈয়দপুরে বিএনপি মেয়র প্রার্থীর পোলাও-মাংস জব্দ, আটক ১

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২১:২৯
নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় ৩২ টি ভোট কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে স্থগিত হওয়া চারটি কেন্দ্রের ভোটগ্রহণ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইনি বাধ্যবাধকতায় প্রচারণাও রয়েছে বন্ধ।
 
যে কারণে ব্যতিক্রমী প্রচারের জন্য শনিবার চারটি স্থগিত কেন্দ্রের ভোটারদের ভূড়ি ভোজের আয়োজন করেন বিএনপির মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার ভজে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল।
 
এ অভিযোগের ভিত্তিতে রিটার্নিং অফিসারের নির্দেশে শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পোলাও এবং খাসির মাংস রান্না করা বড় কয়েকটি পাতিল জব্দ করেছে। এ সময় আমজাদ হোসেন সরকার ভজের কর্মী আবু চৌধুরী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সৈয়দপুরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাখোয়াত হোসেন খোকনের অভিযোগ, ভুড়িভোজের সঙ্গে ভোটারদের টাকাও বিতরণ করা হয়েছিল।
 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘনের দায়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।