রাজশাহী কারাগারে মাদক নিরাময় কেন্দ্র হচ্ছে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২২:১৭
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আলাদা মাদক নিরাময় কেন্দ্র স্থাপন হচ্ছে। মাদক সংক্রান্ত মামলায় আটক কারাবন্দিদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার এ উদ্যোগ নিয়েছে।
 
এ মাসেই কারাগারের অভ্যন্তরে কেন্দ্রটি চালুর কথা রয়েছে বলে জানা গেছে।
 
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, ‘অতি সম্প্রতি এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর থেকে চিঠি পেয়েছি। এরপর থেকেই মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে ২/১ দিনের মধ্যেই রাজশাহী মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সঙ্গে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
 
তিনি আরো বলেন, ‘আপাতত কারাগারের একটি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করবে প্রস্তাবিত মাদক নিরাময় কেন্দ্রটি। পরে প্রয়োজনে অবকাঠামো নির্মাণ করা হবে। অভিজ্ঞ কাউন্সিলর প্রাপ্তি সাপেক্ষে এর কার্যক্রম চালু হবে।’