বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লিরা মোনাজাত শেষে বিনা ভাড়ায় চান্দনা চৌরাস্তা এবং মীরের বাজার পর্যন্ত এ সাটল বাসে যাতায়াত করতে পারবে।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম রবিবার সকালে ইজতেমা ময়দানে সাংবাদিকদের জানান, গাজীপুর ও আশপাশের এলাকার যেসব মুসল্লি আখেরী মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে এসেছেন, তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সে জন্য মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত এবং মীরের বাজার পর্যন্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, আখেরী মোনাজাতের পর পরই এ দুটি রোডে বিশেষ শাটল বাসগুলো যাত্রী পরিবহন শুরু করবে। যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা ময়দানে থাকবেন ততক্ষণ পর্যন্ত বিআরটিসির সাটল বাসগুলো মুসল্লিদের পরিবহন করবে। এজন্য মুসল্লিদের কোনো ভাড়া দিতে হবে না।
